আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল আওয়ামী লীগ নেতার মুক্তি মিললো মৃত্যুতে
একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলার সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান (মনির খান)। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর আগে আইসিইউর বিছানায় গুরুতর অসুস্থ অবস্থায় তাঁর হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ভাইরাল হওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন একজন বন্দীর হাতে হাতকড়া পরিয়ে রাখার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
পরিবারের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় আসার পর তাঁর বিরুদ্ধে থাকা সব মামলায় আদালত জামিন মঞ্জুর করেছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি আর সুস্থ হয়ে ফিরতে পারেননি।
মনির খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বিভিন্ন সময়ে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মতামত দিন