Views Bangladesh Logo

হাসনাতের দুঃখ প্রকাশের পরও এনসিপির অনুষ্ঠানস্থলে কওমি ছাত্রদের ‘ইসলামিক অনুষ্ঠান’

ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করলেও তার বিরুদ্ধে ঘোষিত কর্মসূচি বহাল রেখেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শনিবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুষ্ঠানের স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এর আগে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেন। এ সময় তারা হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেন।

শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল। এর আগে বিকেল ৩টায় একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এদিকে শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেন। নৌকাবাইচের স্থান নিয়ে নিজের তথ্যগত ভুলের কথাও স্বীকার করেন তিনি।

তবে হাসনাতের দুঃখ প্রকাশের পরও কর্মসূচি প্রত্যাহার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, আমাদের কর্মসূচি এখনো বহাল আছে। আমরা পরামর্শ করছি। যেহেতু কর্মসূচি দিয়েছি, অবস্থান করব ইনশাল্লাহ।

অন্যদিকে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানিয়েছেন, শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। তার ভাষ্য, এনসিপি কর্তৃপক্ষ সেখানে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল; রাজনৈতিক সমাবেশের কথা জানানো হয়নি।

জেলা প্রশাসক বলেন, শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। এ ছাড়া কওমি ছাত্রদের কর্মসূচির বিষয়েও প্রশাসনকে জানানো হয়নি। ফলে অনুমতি ছাড়া শিল্পকলা একাডেমির মিলনায়তন ব্যবহার করা যাবে না।

এ অবস্থায় হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশের পরও কওমি ছাত্রদের কর্মসূচি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ