জীবন রক্ষায় নীরব থাকলেও ব্যক্তি আক্রমণ বন্ধ হচ্ছে না: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারকে 'অন্তরীণ সরকার' আখ্যা দিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আদর্শিক বিরোধিতার কারণে তাকে সরকারের ভেতরে কোণঠাসা করা হয়েছিল। জীবন ও সম্মান রক্ষায় নীরব থাকলেও ব্যক্তি আক্রমণ বন্ধ হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন সাবেক এই উপদেষ্টা। ‘সব দোষ মাহফুজ আলমের ইতিবৃত্ত’ শিরোনামে দেওয়া পোস্টে নিজের বিরুদ্ধে চলমান সমালোচনা, রাজনৈতিক আক্রমণ ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি।
স্ট্যাটাসে মাহফুজ আলম বলেন, ‘আমি আজ পর্যন্ত জুলাইয়ের পক্ষের কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি? না। কিন্তু, ব্যক্তি মাহফুজের বিরুদ্ধে হওয়া বিষোদগারের ৮০-৯০%ই জুলাইয়ের কথিত পক্ষের লোকদের — বিশেষ করে জাশি-এনসিপি-উগ্র ডানদের করা। লীগ আক্রমণের টাইম আর স্পেসই খুঁজে পাচ্ছে না।’
তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে কেবল তাকেই দোষারোপ করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন মাহফুজ আলম। তিনি লেখেন, তথ্য মন্ত্রণালয়ে ৯ মাসের জন্য আমি দোষী হলে আগে-পরের ৯ মাসের উপদেষ্টারা কেন দায়মুক্ত? তারা যদি সদিচ্ছাবান হন, তাইলে মাহফুজ আলম গাদ্দার কেন?
জামায়াতের আদর্শিক বিরোধিতা নিয়ে মাহফুজ আলম বলেন, ‘জামায়াতের আদর্শিক বিরোধিতার সূত্রে যদি আমি বিভাজনের জন্য দায়ী হই, তাহলে এ বিভাজন এবং জুলাইকে জাশির একচ্ছত্র বয়ানের খপ্পর থেকে বাঁচানোর চেষ্টার জন্য আমি বিন্দুমাত্র বিচলিত না। কিন্তু আমি কখনই শাহবাগের ফ্যাসিবাদী জাশি-বিদ্বেষী চিন্তাকে এন্ডোর্স করি নাই।’
এই সাবেক তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘আমি কিছুদিন আগেও আহ্বান জানিয়েছি, জুলাইয়ের পক্ষের সব শক্তিকে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষ থেকে বের হয়ে আসতে। পলিসি, মতাদর্শ নিয়ে তর্ক করার বদলে একজন ব্যক্তিকে টানা প্রায় দুই বছর জাশি-এনসিপি-উগ্র ডানপন্থিদের ব্যক্তি আক্রমণ কি ইঙ্গিত দেয়?’
দীর্ঘ নীরবতার কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, অন্তরীণ সরকারের আমলে জাশি-বিরোধিতার জন্য সরকারের ভেতরে কোণঠাসা করা হয়েছে। আমি নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ করে গেছি। কিন্তু, ব্যক্তি আক্রমণ ও গালিবাজির রাজনীতি কেন থামছে না?*
বর্তমানে কোনো সরকারি দায়িত্ব বা রাজনৈতিক পদে না থাকা সত্ত্বেও বারবার নিশানা বানানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মাহফুজ আলম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শিবিরের বট এবং অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন। মৃত্যু কামনা করছেন। একবার প্রতীকী জবাইও করেছেন। হত্যাযোগ্য করার লেভেল অনেক আগেই পার করেছেন। এনসিপি-উগ্র ডানরাও এ রকমই বাসনা রাখে বলে প্রতীয়মান হচ্ছে।*
স্ট্যাটাসের শেষে ব্যক্তি আক্রমণ ও গালিগালাজের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে মাহফুজ আলম লেখেন, ‘জুলাই এক ব্যক্তির খেলনা না যে, একজন ধ্বংস করে ফেলবে! আপনারা আসলে নিজেরাই এসব বক্তব্য দিয়ে জুলাইকে খেলো/হাস্যকর বানিয়ে ফেলছেন। জাশি-এনসিপি-উগ্র ডানের ব্যক্তি আক্রমণ বন্ধ হোক। গালিবাজি আর ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে পলিসি, মতাদর্শ নিয়ে তর্ক করে যেন আমরা একটা বেটার বাংলাদেশ গড়তে পারি, সেদিকে মনযোগ দেই।’

মতামত দিন