‘রামায়ণ’-এ সাই পল্লবী-লারা দত্তর লুক নিয়ে সমালোচনা, জবাব দিলেন কস্টিউম ডিজাইনাররা
মুক্তির আগেই আলোচনায় রয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। ট্রেলার প্রকাশের পর সীতা চরিত্রে সাই পল্লবী এবং কৈকেয়ী চরিত্রে লারা দত্তর পোশাক ও লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রল শুরু হয়। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন সিনেমাটির কস্টিউম ডিজাইনার রিম্পল ও হরপ্রীত নারুলা।
তাদের ভাষ্য, ‘রামায়ণ’-এর মতো একটি মহাকাব্যকে ঘিরে নানা মত, তুলনা ও বিতর্ক হবে—এটা তারা আগেই অনুমান করেছিলেন।
রিম্পল বলেন, রামায়ণ প্রজন্মের পর প্রজন্ম মানুষের চেতনার অংশ। তাই অভিনয়শিল্পী, পোশাক কিংবা ভিজ্যুয়াল নিয়ে ভিন্ন মত থাকাটা স্বাভাবিক। তবে আমরা আমাদের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি।
ট্রেলারে সাই পল্লবীর সীতা চরিত্রের ব্লাউজের নকশা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়। এ বিষয়ে রিম্পল বলেন, এটি কোনো ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক পোশাক পুনর্নির্মাণের চেষ্টা নয়।
তিনি বলেন, আমি চোখ বন্ধ করে দেবী সীতাকে যেমন কল্পনা করি, আমার মন্দিরে যেভাবে তাঁকে দেখি, সেই ভাবনাকেই পর্দায় ফুটিয়ে তুলতে চেয়েছি।
লারা দত্তর কৈকেয়ী চরিত্রের পোশাক নিয়েও সমালোচনা হয়েছে। এ বিষয়ে হরপ্রীত নারুলা জানান, চরিত্রটির মানসিক অবস্থাকে তুলে ধরতেই পোশাকের রঙ বেছে নেওয়া হয়েছে।
তার ভাষায়, সবুজ রঙ মাতৃত্বের প্রতীক, আর গাঢ় মেরুন তার মানসিক দৃঢ়তা ও কঠিন সিদ্ধান্তের অন্ধকার দিককে প্রকাশ করে। কৈকেয়ী নিজের ছেলে ও রামের মধ্যে দ্বন্দ্বে ছিলেন। পোশাকের প্রতিটি রঙের পেছনেই নির্দিষ্ট ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, অনেকেই পুরো বিষয়টি না বুঝেই দ্রুত প্রতিক্রিয়া জানাচ্ছেন। সিনেমাটি দেখার পরই এর ভিজ্যুয়াল উপস্থাপনা সম্পর্কে মত দেওয়া উচিত।
গত ৩০ জুলাই ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশিত হয়। সিনেমাটিতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং রাবণের ভূমিকায় যশ।
এ ছাড়া দশরথ চরিত্রে অরুণ গোভিল, কৈকেয়ী চরিত্রে লারা দত্ত, শূর্পণখা চরিত্রে রাখুল প্রীত সিং, কৈকেসী চরিত্রে শোভনা এবং বিদ্যুৎজিহ্বা চরিত্রে বিবেক ওবেরয় অভিনয় করেছেন।
ট্রেলারে জটায়ু চরিত্রের উপস্থিতি থাকলেও হনুমান চরিত্রে সানি দেওল, পাশাপাশি ভরত, শত্রুঘ্ন ও কৌশল্যার চরিত্র এখনো দেখানো হয়নি।
মতামত দিন