Views Bangladesh Logo

অবৈধ বিদ্যুৎ সংযোগ বিষয়ে তথ্য চায় ডেসকো

 VB  Desk

ভিবি ডেস্ক

সিস্টেম লস কমিয়ে গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিরপুরের এক কমিউনিটি সেন্টারে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভায় এই অনুরোধ জানান তিনি।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি গ্রাহকসেবার মান উন্নয়ন করতে। সিস্টেম লস আরও কমিয়ে আনতে কাজ করে যাচ্ছি।“

তিনি বলেন, “অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে কেউ যদি কোথাও কিছু দেখেন বা জানেন প্রয়োজনে গোপনে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আগামী ১ বছরের মধ্যে ম্যানুয়ালি মিটার রিডিং থেকে বের হয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সেবার মান উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।”

মতবিনিময় সভায় তিনি গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় আরো বক্তব্য দেন ডেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশল জগদীশ চন্দ্র মণ্ডল ও প্রধান প্রকৌশলী মো. রশিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক অপারেশন মো. জাকির হোসেন।

এদিকে, গ্রাহকদের মধ্যে অনেকে সেবার মানোন্নয়নে নানা পরামর্শ দেন।

ডেসকোর গ্রাহক এন বি আর এর সাবেক চেয়ারম্যান মো. বদিউর রহমান প্রি-পেইড মিটারে নেটওয়ার্ক নিয়ে প্রায়ই ঝামেলার কথা উল্লেখ করে সমস্যার সমাধান করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শাহ আলী জোনের গ্রাহক মো.কামরুজ্জামান বলেন, প্রি-পেইড মিটারের টাকা খরচের খাতগুলো গ্রহকদের কাছে আরও সহজভাবে দৃশ্যমান হওয়া জরুরি।

তবে, আরেক গ্রাহক ইস্টার্ন হাউজিং-এর বাসিন্দা মো.শামীম ডেসকোর সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিদ্যুৎ বিল তৈরি করতে কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের সমন্বয় থাকা প্রয়োজন।

সভায় ডেসকোর পক্ষ থেকে জানানো হয়, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রতিনিয়ত স্মার্ট টেকনোলজি নিয়ে আসছে সংস্থাটি। এছাড়া, ডেসকো সংক্রান্ত যে কোনো সেবা এখন থেকে কিউ আর কোড স্ক্যান করেই পাওয়া যাবে বলেও গ্রাহকদের জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ