নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয়
নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তামিলনাড়ুতে তাঁর রাজনৈতিক সাফল্যের পেছনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বলেন, রাজনৈতিক সমালোচনা করা বৈধ। তবে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই সহ্য করা হবে না।
বিধানসভায় বক্তব্যের শেষ দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজয় বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার ব্যক্তিগত অধিকার। তবে সেই স্বাধীনতা কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। রাজনৈতিক কারণে কাউকে, বিশেষ করে নারীদের, হেয় করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিজয় বলেন, সাম্প্রতিক সময়ে তামিলনাড়ুতে অশ্লীলতা ও বিদ্বেষের স্রোত চলছে। নারীদের নিয়ে মানহানিকর, দ্ব্যর্থবোধক ও অশালীন মন্তব্য করা হচ্ছে। অথচ ঘরেও নারীরাই মা ও বোনের ভূমিকায় রয়েছেন। বিষয়টি মনে রেখে সবাইকে দায়িত্বশীলভাবে কথা বলার আহ্বান জানান তিনি।
প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা বিজয় আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি যা হয়েছেন, তার পেছনে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—আগে তারকা হিসেবে এবং এখন মুখ্যমন্ত্রী হিসেবে। একইভাবে তাঁর পরিবারের নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নারীদের নিয়ে যেকোনো অশ্লীলতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিজয়ের এই সতর্কবার্তা এসেছে বিরোধী দলের নেতা উদয়নিধি স্টালিন অভিনেত্রী ত্রিশাকে নিয়ে কথিত পরোক্ষ অবমাননাকর মন্তব্য করার কয়েক দিন পর।
উদয়নিধি আগস্টে কাবেরী নদী নিয়ে একটি প্রতিবাদ সভায় দ্ব্যর্থবোধক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ডিএমকের দাবি, তাঁর বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। দলটির দাবি, উদয়নিধি অভিনেত্রী ত্রিশার নাম উল্লেখ করেননি। পুলিশ তাঁকে আটক করলেও জিজ্ঞাসাবাদের পর মাদ্রাজ হাইকোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দেন।
বিজয় বলেন, “আমরা শুনছি, একই বিধানসভায় একই বিরোধী দল সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে অপমান করেছিল। সম্প্রতি কেউ কেউ দ্ব্যর্থবোধক কথা বলছেন। মানুষ এসব দ্ব্যর্থবোধক ও ত্র্যর্থবোধক কথা লক্ষ্য করছে।”
মতামত দিন