কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে (সিপিসি) যোগ দিতে আজ রাতে ঢাকা ছাড়ছে। সম্মেলনটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, সংসদ সদস্য সাকিলা ফারজানা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মাহবুবুল আলম। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলন ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের সংসদ সদস্য ও প্রতিনিধিরা অংশ নেবেন। ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্যে সম্মেলনে আলোচনা, মতবিনিময় ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সম্মেলনের ফাঁকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের প্রিমিয়ার অ্যালান উইন্ডের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। গণতান্ত্রিক চর্চা আরও সুসংহত করার অভিন্ন লক্ষ্য অর্জনে সিপিসির নেতাদের সঙ্গে আয়োজিত সংসদীয় কর্মশালাতেও অংশ নেবেন তাঁরা।
সম্মেলন শেষে প্রতিনিধিদলটির ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।
মতামত দিন