ডেপুটি স্পিকারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে বুধবার
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীন যাচ্ছে বাংলাদেশের চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলটি ১০ থেকে ১৩ জুন পর্যন্ত চীনের কুনমিং শহরে অবস্থান করবে। দলের অন্য সদস্যরা হলেন আখতার হোসেন, মো. খালেদ হোসাইন মাহবুব এবং সুলতানা জেসমিন।
সফরকালে ১১ জুন ডেপুটি স্পিকার ‘৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম’–এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। একই দিনে তিনি ওয়াং নিং–এর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধিদল ‘১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপো’–এর উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবে এবং সেখানে বাংলাদেশের থিম কান্ট্রি প্যাভিলিয়ন পরিদর্শন করবে।
১২ জুন ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং আমদানি-রপ্তানি সহজীকরণ নিয়ে আলোচনা হবে। একই দিনে প্রতিনিধিদল কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করবে এবং স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা সহযোগিতা বিষয়ক এক বিশেষ সেশনে অংশ নেবে।
সফরের শেষ দিন ১৩ জুন প্রতিনিধিদল চীনের ফিউচার ট্রান্সপোর্টেশন ইনোভেশন রিসার্চ সেন্টার পরিদর্শন করবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে