Views Bangladesh Logo

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফলে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথ নেওয়া থাকে। একইভাবে ডেপুটি স্পিকারও শপথের অংশ হিসেবে স্পিকারের পদ শূন্য হলে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সেই সাংবিধানিক বিধান অনুযায়ী ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করবেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও অটোনমিক নিউরোপ্যাথিসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কথা উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, এসব কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন।

স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা দূর হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না এবং দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় থাকে। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ