Views Bangladesh Logo

সাবরেজিস্ট্রি কার্যালয়ে বঙ্গবন্ধুর বাণী দেখে ডেপুটি স্পিকারের ক্ষোভ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে টাঙানো সিটিজেন চার্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বাণী দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১৪ মে) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলা সদরের সাবরেজিস্ট্রি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় তিনি সাবরেজিস্ট্রারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। সাবরেজিস্ট্রার তখন দুঃখ প্রকাশ করে জানান, তিনি লেখাটি সরিয়ে ফেলবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কলমাকান্দা উপজেলা সদর থেকে খারনৈ এলাকায় যাওয়ার পথে হঠাৎ করে সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান ডেপুটি স্পিকার। সেখানে তিনি সেবা নিতে আসা কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেন এবং অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় কার্যালয়ের দেয়ালে টাঙানো সিটিজেন চার্টারে শেখ মুজিবুর রহমানের একটি বাণী একজন গণমাধ্যমকর্মী ডেপুটি স্পিকারের নজরে আনেন।

সিটিজেন চার্টারে লেখা ছিল—‘সরকারি কর্মচারীদের জনগণের সঙ্গে মিশে যেতে হবে। তারা জনগণের গোলাম, সেবক, ভাই। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এ মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, সাংবাদিক বাণীটি দেখিয়ে ডেপুটি স্পিকারকে বলেন- এগুলো অনেক আগের এবং এগুলো না থাকলে ভালো। তখন ডেপুটি স্পিকার সাবরেজিস্ট্রারকে উদ্দেশ করে বলেন, এগুলো তো আগের। তার মানে আপনিও দেখেন নাই নাকি? জবাবে সাবরেজিস্ট্রার বলেন, স্যার দেখিনি, চেঞ্জ করে দিব স্যার।

এ সময় ডেপুটি স্পিকার ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন সাংবাদিকের চোখে পড়ছে। নিজের পকেটে ঢুকাও তো খালি, চোখে পড়ব কেমনে?

অন্য একটি ভিডিওতে ডেপুটি স্পিকার বলেন, কাউকে না জানিয়ে হঠাৎ করে অফিসে এসেছি। যারা এ সমস্ত বিষয় ইগনোর করছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়াও উচিত।

পরে সাবরেজিস্ট্রার ডেপুটি স্পিকারকে জানান, বিষয়টি ভুলবশত হয়েছে এবং তিনি অতিরিক্ত দায়িত্বে থাকায় এটি নজরে আনতে পারেননি।

তিনি ক্ষমা চেয়ে বলেন, আমি এটি সরিয়ে নেব, আমাকে মাফ করে দেন স্যার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ