Views Bangladesh Logo

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানত বেড়েছে ৫১ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়লেও সেই অর্থ ঋণ হিসেবে বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না। এক বছরে ব্যাংকগুলোর আমানত বেড়েছে ৫১ হাজার ৭০০ কোটি টাকা। বিপরীতে ঋণ বিতরণ বেড়েছে মাত্র তিন হাজার কোটি টাকা। এতে ব্যাংকগুলোতে বিপুল অর্থ জমা থাকলেও উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিনিয়োগে অর্থায়নের গতি বাড়ছে না।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় ছয় ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ১১ শতাংশ। তবে একই সময়ে ঋণের প্রবৃদ্ধি ১ শতাংশেরও কম। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ঋণ-আমানত অনুপাতের (এডিআর) তুলনায় ঋণ বিতরণ কম হওয়ায় এসব ব্যাংকের নতুন করে ঋণ দেওয়ার সক্ষমতা রয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছয়টি হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর সম্মিলিত ঋণের স্থিতি ছিল ৩ লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা। ২০২৬ সালের জুন শেষে তা কমে প্রায় ৩ লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায় নেমে আসে। অর্থাৎ চলতি বছরের প্রথম ছয় মাসে ঋণের স্থিতি কমেছে প্রায় ১ দশমিক ৮৫ শতাংশ। ঋণের সঙ্গে যুক্ত সুদের অর্থ বাদ দিলে প্রকৃত ঋণ প্রবৃদ্ধি আরও দুর্বল হবে।

বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলো আমানতের সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত ঋণ-আমানত অনুপাত বর্তমানে প্রায় ৬০ শতাংশ। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত প্রতিটি ব্যাংকের এ অনুপাত কমেছে। এর মধ্যে সোনালী ব্যাংকের এডিআর সবচেয়ে কম, ৪৮ শতাংশ। জনতা ব্যাংকের ক্ষেত্রে এ হার ৮১ শতাংশ।

ঋণ বিতরণে ধীরগতির পেছনে বিনিয়োগে স্থবিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ সুদহারকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ব্যাংকাররা। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার জানিয়েছেন, বড় অঙ্কের ঋণের পরিবর্তে ক্ষুদ্র, কৃষি, নারী ও নতুন উদ্যোক্তাদের অর্থায়নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ঋণ অবলোপনের প্রভাবও ব্যাংকগুলোর ঋণ পরিস্থিতিতে পড়ছে।

তিনি বলেন, বিনিয়োগের পরিবেশ অনুকূলে না থাকায় নতুন ঋণের চাহিদা তৈরি হচ্ছে না। ঋণ অনুমোদনের ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে জবাবদিহি নিয়ে উদ্বেগ রয়েছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সরবরাহ এবং মূল্য নিয়ে অনিশ্চয়তা, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমে যাওয়ায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ মনে করেন, বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং গ্রাহকদের আস্থার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বেশি জমা হয়। তবে দ্রুত সেবা ও ঋণ প্রদানের নমনীয়তার কারণে বড় ব্যবসায়ীরা বেসরকারি ব্যাংককে বেশি পছন্দ করছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সেবার মান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি ঋণ কার্যক্রমের পরিধি বিস্তৃত করা প্রয়োজন।

এদিকে শিল্পোৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ঋণ কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সম্প্রতি অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় বিভাগের সচিব নাজমা মোবারেক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই), কৃষক, নারী এবং নতুন উদ্যোক্তাদের জন্য ঋণ বাড়ানোর ওপর জোর দেন। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের মানদণ্ড বজায় রেখে উৎপাদনশীল ও আয় সৃষ্টিকারী খাতে অর্থায়ন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ছয় ব্যাংকের সিএমএসএমই খাতে ঋণের পরিমাণ গত ডিসেম্বরের তুলনায় ২ শতাংশ কমে প্রায় ৫৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরে ব্যাংকগুলো সম্মিলিতভাবে প্রায় ৪ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে। জাতীয় কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার তুলনায় এ পরিমাণ প্রায় ১০ শতাংশ।

অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে থাকা ঋণ বিতরণের সক্ষমতা কাজে লাগানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমানত সংগ্রহের পাশাপাশি ঋণের চাহিদা তৈরি, উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা এবং দক্ষ ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে ব্যাংকগুলোর বিপুল অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহারের সুযোগ সীমিতই থেকে যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ