Views Bangladesh Logo

একীভূত পাঁচ ব্যাংক থেকে দুই দিনে ৬১০ কোটি টাকা তুলেছেন আমানতকারীরা

একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরতের দ্বিতীয় দিনে প্রায় ৮ হাজার আমানতকারী ৩৬০ কোটি টাকা উত্তোলন করেছেন। এর আগের দিন প্রথম দফায় ৬ হাজার আমানতকারী ২৫০ কোটি টাকা উত্তোলন করেছিলেন। ফলে দ্বিতীয় দিনে উত্তোলনের পরিমাণ বেড়েছে ১১০ কোটি টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আমানতকারীদের এই অর্থ পরিশোধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। একই দিনে আরও প্রায় ৪০০ কোটি টাকা উত্তোলনের জন্য আমানতকারীরা আবেদন করেছেন।

সরকার এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে। সম্প্রতি এসব ব্যাংকের কার্যক্রম ও দায়িত্ব নতুন ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়।

গত ১ সেপ্টেম্বর থেকে একীভূত ব্যাংকগুলোর আমানত ফেরতের আবেদন গ্রহণ শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২২১ জন আমানতকারী মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের জন্য আবেদন করেছেন।

আবেদনকারীদের মধ্যে ২৪ হাজার ৪২৮ জন এককালীন পুরো আমানত উত্তোলনের জন্য আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে অর্থের পরিমাণ ১ হাজার ৩৮৮ কোটি টাকা।

আমানতকারীদের অর্থ পরিশোধের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন ব্যাংকটির মূলধন থেকে এই অর্থের সংস্থান করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ