Views Bangladesh Logo

৭৫ লাখ আমানতকারী সুদসহ টাকা ফেরত পাবেন, তবে সময় লাগবে: অর্থমন্ত্রী

সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের প্রায় ৭৫ লাখ আমানতকারীর জমা অর্থ সুদসহ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এজন্য কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, যারা আমানতকারী, তাদের আমানত সুদসহ ফেরত দেওয়া হবে, ইনশাআল্লাহ। সুদসহ যখন বলছি, তখন হেয়ার কাটের প্রশ্নই আসে না। তবে এ জন্য একটু ধৈর্য ধরতে হবে।

এর আগে সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, সংকটাপন্ন পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার প্রায় আট মাস পার হলেও প্রায় ৭৫ লাখ গ্রাহকের ১ লাখ ৪২ হাজার কোটি টাকার আমানত পুরোপুরি ফেরত পাওয়ার বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। এতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।

জবাবে অর্থমন্ত্রী বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। একটি নির্বাচিত সরকারের দায়িত্ব এর সঠিক সমাধান দেওয়া। ব্যাংকগুলো বর্তমানে বড় ধরনের লোকসানে রয়েছে এবং সেই লোকসান প্রতিদিন বাড়ছে। এমন অবস্থায় আমানত ফেরত দেওয়ার পাশাপাশি সুদ পরিশোধ করাও অত্যন্ত কঠিন।

তিনি বলেন, তারপরও জনগণের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমানতকারীরা তাদের টাকা সুদসহ ফেরত পাবেন। তবে এটি একটি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এজন্য কিছুটা সময় প্রয়োজন।

এ সময় রেহানা আক্তার রানু আবারও দ্রুত আমানত ফেরতের আহ্বান জানিয়ে বলেন, মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মেয়ের বিয়ে দিতে পারছে না। আমি প্রতিনিয়ত এসব সমস্যার মুখোমুখি হচ্ছি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ