চট্টগ্রামে পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ারকাট’ বাতিলের দাবি
চট্টগ্রামে একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা তাদের জমা অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়ার পাশাপাশি আমানতের ওপর প্রস্তাবিত ‘হেয়ারকাট’ পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন।
বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ ব্যাংক ভিকটিম ডিপোজিটরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এতে আমানতকারীরা মানববন্ধন ও পরবর্তী সময়ে সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের জমা অর্থ আটকে রয়েছে, যার ফলে পরিবার ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রয়োজনীয় খরচ নিয়েও তারা অনিশ্চয়তায় ভুগছেন।
সমাবেশে অংশ নেওয়া আমানতকারীরা ‘আমাদের টাকা ফেরত দাও’, ‘হেয়ারকাট মানি না’, ‘আমানতের টাকায় আর বিলম্ব নয়’—এমন নানা স্লোগান দেন। তারা দ্রুত পূর্ণ অর্থ উত্তোলনের সুযোগ চালুর দাবি জানান।
একজন প্রবাসফেরত আমানতকারী বলেন, বিদেশে ২৫ বছরের পরিশ্রমে জমানো অর্থ ব্যাংকে জমা রেখেছিলাম, কিন্তু এখন আংশিক অর্থ তুলতে পারছি। আমার সম্পূর্ণ আমানত ফেরত চাই।
বিক্ষোভকারীরা বাংলাদেশ ব্যাংকের কাছে আমানতের নিরাপত্তা নিশ্চিত করা, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নেওয়া এবং স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরুদ্ধারের আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারল্য সংকট ও অনিয়মের অভিযোগে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, গ্লোবাল ইসলামি ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
এর আগে সপ্তাহের শুরুতে আগ্রাবাদ ও খাতুনগঞ্জ এলাকায় একই ধরনের বিক্ষোভ ও কিছু ব্যাংক শাখা বন্ধ থাকার ঘটনাও ঘটে।
বুধবারের কর্মসূচিতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে