Views Bangladesh Logo

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফাল্গুনের হঠাৎ ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে নৌ দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সকাল ৭টার পর পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। এতে নৌপথের চ্যানেলে স্থাপিত বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় সকাল সাড়ে ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তপু জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ