হঠাৎ ঘন কুয়াশায় ঢাকল নীলফামারী, শীতের আমেজ অনুভূত
উত্তরের জেলা নীলফামারীতে হঠাৎ দেখা দিয়েছে ঘন কুয়াশা। ভোরের কুয়াশার সঙ্গে ঘাসের ডগায় জমে থাকা শিশির যেন আগেভাগেই শীতের আগমনের বার্তা দিচ্ছে। কয়েকদিনের টানা গরমের পর ভোরের প্রকৃতিতে এমন পরিবর্তন দেখে স্থানীয়দের মধ্যেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার এমন চিত্র দেখা যায়। কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে রাত ও ভোরে কুয়াশার ঘনত্ব বাড়তে দেখা যায়। কিন্তু এবার মাসের মাঝামাঝিতেই ভোরে ঘন কুয়াশা দেখা দিয়েছে। এতে অনেকের মধ্যেই আগেভাগে শীত আসার অনুভূতি তৈরি হয়েছে। দিনে রোদ, গরম কিংবা বৃষ্টি থাকলেও রাত গভীর হওয়ার পর হালকা শীত অনুভূত হচ্ছে, যা মধ্যরাতের পর আরও বাড়ছে।
জেলা সদরের বাসিন্দা আকরাম আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে চারপাশ কুয়াশায় ঢাকা দেখতে পান। তার ভাষ্য, সাধারণত সেপ্টেম্বরের শেষ দিকে শহরে কুয়াশার ঘনত্ব বাড়লেও এবার মাঝামাঝিতেই এমন দৃশ্য দেখা গেল।
শহরের রিকশাচালক আলিম উদ্দিন বলেন, প্রতিদিন ভোরে রিকশা নিয়ে বের হন। বুধবার সকালে বের হয়ে চারদিকে কুয়াশা দেখতে পান।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, কয়েকদিন ধরে সকালের তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।
মতামত দিন