Views Bangladesh Logo

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, ডেঙ্গু শনাক্তে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএস১ পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে। শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন।

তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক টেন-হেডেড মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল ও কার্যকর হবে। এছাড়া চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে মেডিকেল কারিকুলামেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন সুবিধা ও সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজও চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ