অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে গণতন্ত্র ব্যাহত হতে পারে: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে এবং এর কার্যক্রমে জনসাধারণের আস্থা নাড়া দিলে গণতন্ত্রের পথে গুরুতর বাধা আসতে পারে।
বুধবার (১৯ মার্চ) রাজনৈতিক নেতাদের সম্মানে ঢাকা লেডিস ক্লাবে বিএনপির ইফতার অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন তিনি।
উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, এমনকি একটি বা দুটি রাজনৈতিক দল, সম্প্রতি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন।
‘আমরা বিশ্বাস করি, জনসাধারণের প্রত্যাশাকে সম্মানের পরিবর্তে যদি নতুন রাজনৈতিক ব্যবস্থার আড়ালে গৌণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হয়, তাহলে তা জনগণের কাছে ভুল বার্তা যাবে’- বলেন তিনি।
তারেক বলেন, এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত ‘পলাতক মাফিয়া সহযোগীদের’ পুনরুত্থানের পথ প্রশস্ত করবে।
বিএনপির এই শীর্ষনেতা আরও বলেন, দেড় দশক ধরে ‘মাফিয়া শাসন ও শোষণ’ চলার পর ‘বিধ্বস্ত বাংলাদেশ’ মেরামতে সাত মাস খুব বেশি সময় নাও হতে পারে।
‘আগামী দিনে যদি সরকারের কার্যক্রম ও পরিকল্পনা জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়, তাহলে জনগণের মধ্যে সকল সন্দেহ ও অনিশ্চয়তা দূর হবে’- তিনি যোগ করেন।
তারেক বলেন, কেবল জাতীয় নির্বাচনের প্রয়োজনে পূর্ববর্তী সরকারের পতন হয়নি।
‘যদিও এটি সত্য, আরও বড় সত্য হল যে, ‘মাফিয়া সরকার’ নির্মমভাবে ভেঙে পড়েছিল। কারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছিল তারা। অতএব, নির্বাচনকে কেবল একটি রাজনৈতিক দলের ক্ষমতায় আসার বিষয় হিসেবে বিবেচনার কোনো সুযোগ নেই’- বলেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে