তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ ঘোষণার দাবি
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের ১১তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া তার দুই সন্তানসহ পাকিস্তানি বাহিনীর হাতে দীর্ঘ নয় মাস বন্দি ছিলেন। সেই সময় জিয়া পরিবারের সদস্যরা অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, যা ইতিহাসে বিরল।
তিনি বলেন, বন্দি জীবনের সেই কঠিন সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকো মায়ের সঙ্গে কাটিয়েছেন। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং ইতিহাসের বাস্তবতা।
এসময় তিনি বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান।
বিএনপি দলীয় এই সংসদ সদস্য আরও বলেন, দেশের ইতিহাসের প্রতিটি ত্যাগ ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হলে একটি বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব।
প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি বলেন, তার জীবন নানা প্রতিকূলতা ও বেদনাময় ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। শৈশবে যুদ্ধকালীন বন্দি জীবন থেকে শুরু করে পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির শিকার হওয়া—সব মিলিয়ে তার জীবন ছিল সংগ্রামময়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে