Views Bangladesh Logo

আদিবাসী পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশনের দাবি

আদিবাসী জনগোষ্ঠীর পরিচয়ের স্বীকৃতি, ভূমির অধিকার নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে সময়বদ্ধ পথরেখা তৈরির দাবি উঠেছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়।

রোববার বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অন্যতম সহযোগী হিসেবে ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসী প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস শুধু আদিবাসীদের জন্য নয়, দেশের সব স্বাধীনতাকামী, অধিকারকামী ও মানবাধিকারকর্মীর জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশের আদিবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব মানুষের অধিকার বাস্তবে নিশ্চিত করা সম্ভব নয়।

আদিবাসীদের পরিচয়ের স্বীকৃতির বিষয়ে সরকারের নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, তাদের ‘আদিবাসী’ পরিচয়ের স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য একটি সময়বদ্ধ পথরেখা নির্ধারণ করা প্রয়োজন।

পার্বত্য অঞ্চলে শান্তি ও আস্থার পরিবেশ তৈরির বিষয়ে তিনি বলেন, সেনাবাহিনী বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমে যে অভিজ্ঞতা ও সুনাম অর্জন করেছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

আদিবাসীদের অধিকার হরণের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে ভূমিকে চিহ্নিত করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি বিরোধ নিষ্পত্তিতে পার্বত্য ভূমি কমিশনকে কার্যকর করার পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য দ্রুত পৃথক ভূমি কমিশন গঠন করা প্রয়োজন।

ইফতেখারুজ্জামান বলেন, আইনি কাঠামো পরিবর্তনের মাধ্যমে আদিবাসীদের ‘প্রথাগত ভূমি মালিকানার’ আইনগত স্বীকৃতি দিতে হবে। এতে তাদের ঐতিহ্যগত ভূমির ওপর অধিকার আরও সুরক্ষিত হবে এবং ভূমি দখল বা অপব্যবহারের সুযোগ কমবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ব্যারিস্টার সারা হোসেন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামসহ বিভিন্ন ব্যক্তি বক্তব্য দেন।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ