Views Bangladesh Logo

নজরুলের এমপি পদ বাতিলের দাবি, কঠোর কর্মসূচির ঘোষণা তৌহিদী জনতার

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল ও পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলাম একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। তবে শুধু দলীয় বহিষ্কার যথেষ্ট নয়, তাকে সংসদ সদস্য পদ থেকেও অপসারণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ওলামায়ে কেরামের পক্ষে বক্তব্যে মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। এ ঘটনায় শ্যামনগরসহ সারা দেশের আলেম-ওলামা ও সাধারণ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের প্রতি প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ ও হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিল না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে।

জামায়াতের চিঠিতে বলা হয়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। গত ২২ জুলাই দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। পরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। তিনি জানান, গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ