Views Bangladesh Logo

২০২৩ সালে বিশ্বের ‘সবচেয়ে দূষিত’ রাজধানী শহর দিল্লি

 VB  Desk

ভিবি ডেস্ক

সুইস সংস্থা আইকিউ এয়ারের বিশ্ব বায়ুর গুণমান সংক্রান্ত প্রতিবেদনে ২০২৩ সালে বিশ্বের ‘সবচেয়ে দূষিত’ রাজধানী শহরের তালিকার শীর্ষে স্থান পেয়েছে ভারতের নয়াদিল্লি।

প্রতিবেদন বলছে, ২০২৩ সালে ১৩৪টি দেশের ওপর চালানো সমীক্ষায় এও দেখা গেছে যে, বিশ্বে বায়ুর গুণমান খারাপ থাকা দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ অবস্থান বাংলাদেশ ও পাকিস্তানের ঠিক পরেই।

আইকিউ এয়ারের প্রতিবেদন অনুযায়ী, ভারতে পিএম ২.৫ এর গড় মাত্রা প্রতি ঘনমিটারে ৫৪.৪ মাইক্রোগ্রাম। যেখানে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫ এর নিরাপদ মাত্রা হচ্ছে, প্রতি ঘনমিটারে ১২ থেকে ১৫ মাইক্রোগ্রাম।

পিএম ২.৫ এর এই মাত্রা শ্বাস নেওয়ার জন্য নিরাপদ বলে গণ্য করা হয়। আর এই মাত্রা যদি প্রতি ঘনমিটারে ৩৫ হয় তাহলেই তাকে বলা হয় অস্বাস্থ্যকর। এই হিসাবে ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান গোটা দেশের তুলনায় অনেক বেশি খারাপ। দিল্লিতে পিএম ২.৫ এর মাত্রা প্রতি ঘনমিটারে ৯২ দশমিক ৭ মাইক্রোগ্রাম।

বিবিসি জানায়, ভারত বছরজুড়েই খারাপ বাতাস সামাল দিতে হিমশিম খায়। তবে বাতাস বিশেষ করে বেশি বিষাক্ত হয়ে ওঠে শীতকালে। গতবছর ভারত সরকার বায়ুদূষণের কারণে কয়েকদিনের জন্য স্কুল ও কলেজ বন্ধ করে দিয়েছিল।

তথ্যমতে, ২০২২ সাল থেকেই বায়ুদূষণ পরিস্থিতির অবনতি হয়েছে ভারতে। ২০২২ সালে সবচেয়ে দূষিত দেশের তালিকায় অষ্টম স্থানে ছিল ভারত। কিন্তু বায়ুর মান ক্রমাগত নিম্নমুখী হতে থাকায় এবার দেশটি তৃতীয় স্থানে চলে এসেছে।

ভারতের কয়েকটি নগরীতে বায়ুদূষণ এক মারাত্মক সমস্যা। বায়ু দূষণের জেরে বাড়ছে হাঁপানি, ক্যান্সার, স্ট্রোক ও ফুসফুসের রোগ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শিল্পায়ন ও পরিবেশ আইন ঠিকমত প্রয়োগ না হওয়াটা ভারতে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় ভূমিকা রাখছে।

গত কয়েক দশকে ভারতে প্রচুর উন্নয়ন হয়েছে। কিন্তু শিল্পক্ষেত্রে জোরাল কোনও নিয়মবিধি না থাকায় কলকারখানাগুলো দূষণ-নিয়ন্ত্রণকারী পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত নগরায়নের ফলেও দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ