মাথায় বল লেগে আইসিইউতে আম্পায়ার
দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি তৃতীয় আসরে অরুণ জেটলি স্টেডিয়ামে ঘটে গেল অস্বস্তিকর এক ঘটনা। ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন মাঠের আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
ম্যাচে নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ রানে হারিয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। তবে ম্যাচের ফলের চেয়ে আম্পায়ারের চোটই আলোচনায় এসেছে বেশি। শক্ত চামড়ার বলটি সরাসরি ভরদ্বাজের মুখের ডান পাশে আঘাত করে। আঘাতের পর তাঁকে মাঠেই প্রচণ্ড ব্যথায় কাতরাতে দেখা যায়।
ঘটনাটি ঘটে নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে। ক্রিজে তখন ছয় নম্বরে ব্যাট করছিলেন লক্ষয় থারেজা। আশিস মিনার বলে ক্রিজ ছেড়ে এসে সোজা ড্রাইভ খেলেন তিনি। কিন্তু শটটি সোজা গিয়ে আঘাত করে আম্পায়ার ভরদ্বাজের মুখে।
বল থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন ভরদ্বাজ। তিনি নিচু হয়ে যাওয়ারও চেষ্টা করেন। কিন্তু বলের গতি এত বেশি ছিল যে সময়মতো সরে যেতে পারেননি। শেষ পর্যন্ত বল তাঁর মুখের ডান পাশে আঘাত করে।
আঘাত পাওয়ার পরপরই ভরদ্বাজ মাঠে চিকিৎসক দলকে আসার অনুরোধ করেন। শটটি খেলা লক্ষয় থারেজাকে তখন বেশ চিন্তিত দেখায়। তিনি দুই হাত মাথায় দিয়ে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে অন্য প্রান্তে গিয়ে আম্পায়ারের খোঁজ নেন।
এটি অবশ্য ম্যাচে ভরদ্বাজের প্রথম আঘাত ছিল না। এর আগেও একটি বল তাঁর কাঁধে আঘাত করেছিল। পরে গুরুতর চোটের কারণে তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মতামত দিন