বিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে দিল্লিকে: ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া চালাবে বাংলাদেশ। বিচারের মুখোমুখি করতে দিল্লিকে অবশ্যই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে।
সম্প্রতি ঢাকায় তাঁর বাসভবনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে একান্ত সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমার মনে হয় আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি। তবে সে পর্যায়ে এখনো পৌঁছাইনি।
ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধা সৃষ্টি করছে কি-না? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আপাতত ভারতে বসবাস করাটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ। তিনি বাংলাদেশি জনগণের সঙ্গে কথা বলছেন এবং সেটা রাজনৈতিক রূপ নিচ্ছে। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটিই সমস্যা।
ড. ইউনূস বলেন, তিনি ( শেখ হাসিনা) বাংলাদেশিদেরকে ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে উৎসাহিত করছেন। তার এসব বক্তব্য প্রচারিত হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করতে বলছেন-যেন পুলিশ বাধা দেয়, যাতে তারা বলতে পারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। এটি আরেকটি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ।
এ সময় জানতে চাওয়া হয়, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি-না? এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এটা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি বলেছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে। সুতরাং তারা ইতোমধ্যেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামত অগ্রাহ্য করতে পারি না।
তিনি আরও বলেন, আমি রাজনীতিবিদ নই যে এই দল বা অন্য দল বেছে নেবো। রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়নের দায়িত্ব পালন করছি।
এ ছাড়াও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ৫ আগস্টের ঘটনাগুলো কীভাবে প্রভাব ফেলছে? এমন প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারতের উদযাপন করা উচিত যে, বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্ত হয়েছে, যেখানে মানুষ চরম কষ্টে ছিল, অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন, অনেকে গুম হয়েছিলেন এবং অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল। আমাদের তরুণ প্রজন্মের উদযাপনে সঙ্গে ভারতেরও অংশ নেওয়া উচিত এবং একসঙ্গে উদযাপন করা উচিত, যেমনটা অনেক রাষ্ট্র করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে