Views Bangladesh Logo

জাহ্নবীর ছবি-ভিডিও ব্যবহারে নিষেধাজ্ঞা, ফ্যান পেজ বন্ধের আবেদন খারিজ

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের অনুমতি ছাড়া তার ছবি ও ভিডিও ব্যবহার করে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছেন, অভিনেত্রীর সম্মতি ছাড়া তার ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না। তবে এ কারণে সব ফ্যান পেজ বন্ধ করে দেওয়ার আবেদন গ্রহণ করেননি আদালত।

জাহ্নবী কাপুর অভিযোগ করেন, তার চেহারা ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কনটেন্ট সরিয়ে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট ফ্যান পেজগুলো বন্ধ করার নির্দেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

মামলার শুনানিতে আদালত ব্যক্তিত্বের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। বিচারপতি বলেন, একজন তারকা হওয়ার কারণে ভক্তদের মতামত, আবেগ বা স্বাভাবিক প্রকাশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা যায় না।

আদালতের পর্যবেক্ষণ, কোনো ছবি বা ভিডিওতে একজন তারকা থাকলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে বেআইনি হয়ে যায় না। বিশেষ করে কোনো আলোকচিত্রীর তোলা ছবি অন্য কেউ ব্যবহার বা বিক্রি করলে সেখানে কপিরাইটের পৃথক প্রশ্ন থাকতে পারে। তবে ব্যক্তির অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ব্যবহার করে আপত্তিকর বা অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচার করা ভিন্ন বিষয়।

জাহ্নবীর আইনজীবীরা আদালতে পাঁচ হাজারের বেশি আপত্তিকর লিঙ্কের তালিকা উপস্থাপন করেন। অভিনেত্রীর ব্যক্তিত্বের অধিকার ও ভাবমূর্তি সুরক্ষার বিষয়টি তুলে ধরে এসব কনটেন্ট এবং সংশ্লিষ্ট পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

তবে আদালত ফ্যান পেজগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছেন। আদালতের মতে, ব্যক্তিত্বের অধিকার রক্ষার নামে সাধারণ মানুষের মতপ্রকাশ ও বাকস্বাধীনতার অধিকার অযথা সীমিত করা যায় না। ফলে জাহ্নবী তার ছবি ও ভিডিওর অননুমোদিত ব্যবহারের ক্ষেত্রে সুরক্ষা পেলেও সব ধরনের ফ্যান পেজ বন্ধ করার সুযোগ পাচ্ছেন না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ