জাহ্নবী কাপুরের সাড়ে পাঁচশো আপত্তিকর লিংক সরানোর নির্দেশ দিল্লি হাইকোর্টের
অনলাইনে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ঘিরে ছড়ানো অশালীন ও পর্নোগ্রাফিক কনটেন্টের বিরুদ্ধে বড় ধরনের আইনি সুরক্ষা পেলেন বলিউডের এই অভিনেত্রী। তাঁর করা ব্যক্তিত্বের অধিকার সংরক্ষণসংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্ট ৫৫২টি আপত্তিকর ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। তবে জাহ্নবীর আবেদনে উল্লেখ করা সব লিংক একসঙ্গে বন্ধ করার নির্দেশ দেয়নি আদালত।
জাহ্নবী মোট ৬ হাজার ৮৮৪টি ইউআরএল, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও অন্যান্য অনলাইন কনটেন্টের বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন। এসবের মধ্যে অশালীন কনটেন্টের পাশাপাশি তাঁর নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ফ্যান পেজ, ভুয়া পরিচয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বিকৃত ছবি এবং তাঁর পরিচয় ব্যবহার করে বিভিন্ন পণ্য ও সেবা বিক্রির অভিযোগও ছিল। আদালত মনে করেছে, এত বিপুলসংখ্যক লিংকের ক্ষেত্রে একসঙ্গে নিষেধাজ্ঞা দেওয়া অতিরিক্ত বিস্তৃত হয়ে যাবে।
বিচারপতি অনুপ জয়ারাম ভামভানির বেঞ্চ বিষয়গুলো আলাদা শ্রেণিতে ভাগ করে দেখার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে তিন ধরনের কনটেন্টকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি অশ্লীল বা পর্নোগ্রাফিক উপাদান, জাহ্নবীর ব্যক্তিত্বের অধিকার ব্যবহার করে সরাসরি অর্থ উপার্জনের কনটেন্ট এবং তাঁর নাম বা অবয়ব ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রির প্রচার।
প্রাথমিকভাবে যাচাই করে ৫৫২টি ইউআরএলে জাহ্নবীর অনুমতি ছাড়া অত্যন্ত অশালীন ও পর্নোগ্রাফিক কনটেন্ট পাওয়া গেছে বলে আদালত উল্লেখ করেছে। এসব কনটেন্টের ক্ষেত্রে অভিনেত্রীর পক্ষে প্রাথমিকভাবে শক্ত ভিত্তি রয়েছে বলেও মনে করেছে আদালত। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ওই লিংকগুলো অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জাহ্নবীর নামে পরিচালিত সব ফ্যান পেজ বন্ধ করে দেওয়ার আবেদন আদালত গ্রহণ করেনি। আদালতের মতে, কোনো তারকার নাম ব্যবহার করে পরিচালিত ফ্যান পেজ থাকলেই সেটি বেআইনি হয়ে যায় না। সেখানে তাঁর অভিনয়, সিনেমা, ছবি, প্রশংসা, সমালোচনা বা অন্যান্য তথ্য থাকতে পারে। শুধু নাম বা ছবি ব্যবহারের ভিত্তিতে সব ফ্যান পেজ নিষিদ্ধ করা মতপ্রকাশের স্বাধীনতার ওপর অযৌক্তিক হস্তক্ষেপ হতে পারে।
মামলায় এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক, ভুয়া অ্যাকাউন্ট এবং জাহ্নবীর পরিচয়কে বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়ও উঠে এসেছে। আদালত এসব কনটেন্টকে সাধারণ ফ্যান পেজ থেকে আলাদাভাবে বিবেচনার ওপর জোর দিয়েছে। এদিকে চলতি বছর জাহ্নবীকে তেলেগু ভাষার ‘পেড্ডি’ সিনেমায় রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে দেখা গেছে।
মতামত দিন