হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল-আলমগীরের রিমান্ড বাড়ল আরও ৯ দিন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনের রিমান্ড আরও ৯ দিন বৃদ্ধি করেছে দিল্লির একটি আদালত।
শনিবার (৪ এপ্রিল) অভিযুক্তদের দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বিশেষ এনআইএ আদালতে হাজির করা হলে বিচারক প্রশান্ত শর্মা এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর রাহুল ত্যাগী ও অনিল রোহিল্লা। আদালতে এনআইএ জানায়, মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পরে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করে বিধাননগর আদালতে হাজির করা হয়। তদন্তে কেন্দ্রীয় সংস্থা এনআইএ যুক্ত হলে ইউএপিএ অনুযায়ী নতুন মামলা করা হয় এবং ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে নেওয়া হয়।
এর আগে ২৪ মার্চ প্রথম দফায় আদালত ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পর ফের আদালতে হাজির করা হলে নতুন করে আরও ৯ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে