Views Bangladesh Logo

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশ পাসে অনীহা উদ্বেগজনক: টিআইবি

দেশে একটি কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করতে অনীহা উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এসব গুরুত্বপূর্ণ আইন পাসের বিষয়টি নিয়ে ‘ছেলেখেলা’ করা হচ্ছে।

সোমবার সকালে রাজধানীতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে অন্তর্বর্তী সরকারের জারি করা কয়েকটি অধ্যাদেশ রহিত, বাতিল ও সংশোধন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে সংস্থাটি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা এবং গুম প্রতিরোধসংক্রান্ত বিধান না থাকলে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, তা ভুক্তভোগীরা ভালোভাবেই জানেন। তবু এসব আইন দ্রুত পাসে আগ্রহ না দেখানো আরও শঙ্কা ও উদ্বেগের জন্ম দিচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করার সুপারিশ করেছে, যা ইতিবাচক। তবে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন। এ সময় টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের সুপারিশও করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ