ছাড়ের পরও খেলাপি ঋণ বাড়ল প্রায় ১৮ হাজার কোটি টাকা
ব্যাংক খাতে ঋণখেলাপিদের জন্য দফায় দফায় সুবিধা দেওয়ার পরও খেলাপি ঋণের ঊর্ধ্বমুখী প্রবণতা থামানো যাচ্ছে না। চলতি বছরের জুন প্রান্তিকে এ খাতের খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত জুন মাস শেষে খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়। এটি ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। তিন মাস আগে, অর্থাৎ গত মার্চ প্রান্তিক শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা বা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ। সেই হিসাবে মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।
ব্যাংক খাতের এই ঋণ পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসেও বড় অঙ্কের খেলাপি ঋণ যুক্ত হয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। ফলে বছরের প্রথম ছয় মাসে এ খাতে মোট ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা নতুন করে খেলাপি হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছিল। ওই সময়ে খেলাপি ঋণ বেড়ে সর্বোচ্চ ৬ লাখ ৪৪ হাজার ৪১৫ কোটি টাকায় পৌঁছেছিল, যা ছিল মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
মতামত দিন