খালাতো ভাইয়ের করা মানহানি মামলায় আসামি অভিনেতা ডিপজল
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি ও ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী আজিজুর রহমান টাইগারের ব্যবসায়িক সুনাম ও পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে ডিপজল দীর্ঘদিন ধরে তার মানহানির চেষ্টা করে আসছেন। এর ধারাবাহিকতায় গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে অভিযোগ করা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি একটি সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নিজেদের নামে নতুন সাইনবোর্ড লাগানোর চেষ্টা করেন এবং সম্পত্তিটির মালিকানা দাবি করেন।
তবে ওই জিডির তদন্তে আজিজুর রহমানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। কিন্তু ডিপজল সেটিকে নিজের সম্পত্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন এবং বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রচারের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেন। এতে তিনি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও মামলায় দাবি করা হয়েছে।
এ বিষয়ে ডিপজল ও অন্য আসামিদের বক্তব্য এখনো জানা যায়নি।
মতামত দিন