দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, সাদা লেসের পোশাকে নজরকাড়া ম্যাটারনিটি ফটোশুট
দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়ের জন্মদিন উপলক্ষে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশ্যে আসার পর দীপিকার বেবি বাম্পের পাশাপাশি তাঁর পরনের পোশাকও ভক্তদের নজর কেড়েছে।
৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার জন্মদিনে ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেন দীপিকা ও রণবীর। ফটোশুটে তারকা দম্পতির সঙ্গে দেখা গেছে ছোট্ট দুয়াকেও। ছবির ক্যাপশনে তাঁরা লিখেছেন, ‘দুয়া এবং আমাদের হৃদয় ক্রমশ বড় হচ্ছে।’
দীপিকা-রণবীরের দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশ্যে আসে চলতি বছরের ১৯ এপ্রিল। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দিয়ে সুখবরটি জানিয়েছিলেন তাঁরা। সেই ছবিতে দুয়াকে হাতে ইতিবাচক গর্ভধারণ পরীক্ষার ফল ধরে থাকতে দেখা যায়।
ফটোশুটের জন্য দীপিকা বেছে নিয়েছিলেন সাদা রঙের লেসের পোশাক। জানা গেছে, এটি ফ্যাশন ব্র্যান্ড ডেমে বাই গ্যাব্রিয়েলার ‘কিয়ানা সেট’। ব্র্যান্ডটির ওয়েবসাইটে পোশাকটির দাম ৪৮ হাজার ৬৪৩ টাকা।
সূক্ষ্ম লেস ও কাটওয়ার্কে তৈরি পোশাকটির উপরের অংশে ছিল ফ্রন্ট কাট-আউট। কোমরের কাছে খোলা অংশের এই নকশা পোশাকটিতে আলাদা স্টেটমেন্ট লুক দিয়েছে। এর সঙ্গে একই নকশার ফুলেল লেসের প্যান্ট পরেছিলেন অভিনেত্রী।
দীপিকার পুরো সাজ ছিল বেশ সাদামাটা। খোলা চুলে বিচ ওয়েভস, কোনো গয়না বা কানে দুল কিছুই ছিল না। ফলে তাঁর মাতৃত্বকালীন আভা ও পোশাকই ছিল পুরো সাজের মূল আকর্ষণ। অন্যদিকে রণবীরও স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা শার্ট ও প্যান্টে সেজেছিলেন।
মতামত দিন