দীপিকার বিরুদ্ধে সিনেমার তথ্য ফাঁসের অভিযোগ
বলিউডের আলোচিত সিনেমা ‘স্পিরিট’ নিয়ে দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মধ্যে পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে। এবার দীপিকার বিরুদ্ধে সিনেমার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করার অভিযোগ তুলেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই ও সিনেমাটির সঙ্গে যুক্ত প্রণয় রেড্ডি ভাঙ্গা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রণয় দাবি করেন, পারিশ্রমিক, কাজের সময় এবং সিনেমার লাভের অংশ নিয়ে দীপিকার সঙ্গে তাদের মতবিরোধ তৈরি হয়েছিল। তার দাবি, আট ঘণ্টার কাজের সময়ের বাইরে কাজ করা এবং পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের অংশ চাওয়া নিয়ে আলোচনা জটিল হয়ে ওঠে।
প্রণয়ের ভাষ্য অনুযায়ী, দীপিকা পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি সিনেমার লাভের ১০ শতাংশ দাবি করেছিলেন। তিনি বলেন, এ ধরনের দাবি করার অধিকার অভিনেত্রীর থাকলেও সিনেমার বাজেট ও আর্থিক বাস্তবতার বিষয়টিও প্রযোজকদের বিবেচনা করতে হয়। তাদের হিসাব অনুযায়ী, ওই শর্তে প্রকল্পটি এগিয়ে নেওয়া সম্ভব ছিল না। এরপর তারা অন্য অভিনেত্রীর কথা ভাবতে শুরু করেন।
প্রণয় আরও অভিযোগ করেন, দীপিকার বিকল্প খোঁজার প্রক্রিয়া শুরু হওয়ার পর সিনেমা-সংক্রান্ত বিভিন্ন তথ্য বাইরে আসতে শুরু করে। তার দাবি, এক বছরেরও বেশি সময় ধরে দীপার সঙ্গে সিনেমার গল্প ও তার চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। পরবর্তী সময়ে সেই আলোচনার কিছু তথ্য প্রকাশ্যে চলে আসায় তারা ক্ষুব্ধ হন।
তিনি বলেন, বিষয়টি শুধু অতিরিক্ত পাঁচ-ছয় কোটি রুপি পারিশ্রমিকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পারিশ্রমিক, কাজের সময়, লাভের অংশসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল।
‘স্পিরিট’ থেকে দীপিকা সরে যাওয়ার পর তার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই সিনেমাটি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।
এদিকে সিনেমাটিতে ‘এ-রেটেড অ্যাকশন’ থাকবে—এমন খবর প্রকাশের পর গল্প ফাঁসের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যদিও দীপিকার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রভাস ও তৃপ্তি দিমরিকে নিয়ে নির্মিত ‘স্পিরিট’ সিনেমাটি ২০২৭ সালের মার্চে মুক্তির কথা রয়েছে।
মতামত দিন