বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করে ভারতের স্থলভাগে অবস্থান করছে। তবে এর প্রভাবে দেশের উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়ার এই সর্বশেষ পরিস্থিতির কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে (২৩ সেপ্টেম্বর) ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
নিম্নচাপটি স্থলভাগে অবস্থান করলেও এর প্রভাবে সমুদ্রবন্দর ও আশপাশের এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা কাটেনি। উদ্ভূত পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উল্লিখিত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় এটি সম্পর্কিত আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হবে না।
মতামত দিন