Views Bangladesh Logo

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের দুটি প্রধান সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে (সংকেত নম্বর-৪) জানানো হয়, গভীর নিম্নচাপটি মিয়ানমারের কিয়াইকতো উপকূলের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার সকাল ৬টায় এটি মিয়ানমার এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সিস্টেমটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই শক্তি হারিয়ে নিঃশেষ হতে পারে।

তবে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং বাংলাদেশের নিকটবর্তী উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ