Views Bangladesh Logo

গভীর নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি, বেশি ভোগান্তির শঙ্কা উপকূলে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই গভীর নিম্নচাপের বড় ধরনের প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সোমবার (২৭ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি সোমবার সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গ-ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ভারতের উপকূলের দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশে এর প্রভাব সীমিত থাকতে পারে। তবে এর কারণে আজ থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বাড়বে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে অতি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।

এর আগে চলতি মাসের শুরুতে টানা বর্ষণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। অতিবৃষ্টির কারণে অন্তত নয়টি জেলায় বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছিল। সেই সঙ্গে কৃষি খাতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ