কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে এল পা ও মাথাবিহীন মরদেহ
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে পা ও মাথাবিহীন একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে।
তবে এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রাতে জোয়ারের পানির সঙ্গে অর্ধগলিত এই মরদেহটি সৈকতে ভেসে আসে। নিহতের পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. সরোয়ার বলেন, পা ও মাথাবিহীন মরদেহটি নারী নাকি পুরুষের, তা নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ সময় সাগরের পানিতে থাকার কারণে লাশটিতে পচন ধরেছে।
এর আগেও গত বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন দ্বীপের সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই নারীরা মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা। সাগরে নৌযান ডুবে তাদের মৃত্যু হয়।
মতামত দিন