কক্সবাজারে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোটেল নিশীতার ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম অর্জুন দাশ (৬০)। তিনি ফেনী জেলার শ্রীধাম চন্দ্র দাশের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিন দিনের জন্য কক্ষটি ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের মনে সন্দেহ তৈরি হয়। বুধবার বিকেলে কক্ষের সামনে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে হোটেল কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, দীর্ঘ সময় পড়ে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে গিয়েছিল। উদ্ধারকালে মরদেহের পাশে একটি গামছা পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে