রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল না: পরীমণি
চিত্রনায়িকা পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন তিনি।
বিচ্ছেদ প্রসঙ্গে পরীমণি বলেন, শরীফুল রাজকে বিয়ে করা কিংবা জীবনের অন্য কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ হিসেবে দেখেন না। তার কাছে জীবনের প্রতিটি ঘটনা একেকটি অভিজ্ঞতা, যা মানুষকে সামনে এগিয়ে যেতে শেখায়।
অভিনেত্রী জানান, অতীতের অন্য সম্পর্কগুলো ভেঙে যাওয়ার সময়ও তার আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সেসব সম্পর্কের বিচ্ছেদ পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখেই হয়েছে। ফলে পরবর্তীতে কোথাও দেখা হলেও একে অপরের মুখোমুখি হতে অস্বস্তিতে পড়তে হয়নি।
তবে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন বলে জানান পরীমণি। তার ভাষ্য, যাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। তার মতে, তাদের বিচ্ছেদ আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত।
২০২১ সালে বিয়ে করেছিলেন শরীফুল রাজ ও পরীমনি। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছিলেন পরীমনি। পরে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেন।
মতামত দিন