দেশব্যাপী চলমান অরাজকতা বন্ধে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত
দেশব্যাপী চলমান অরাজকতা ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করতে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (৮ আগস্ট) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানগণ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
এতে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সকল থানার কার্যক্রম শুরু করার বিষয়েও আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, আজ সেনাসদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে