সাপ্তাহিক ছুটি বাড়বে কি না সিদ্ধান্ত হতে পারে বৃহস্পতিবার
দেশে জ্বালানি তেলের ওপর বাড়তি চাপ কমাতে সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে ভাবছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে।
সরকারি সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এতে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বিদ্যমান মজুতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নানা পদক্ষেপ বিবেচনায় নেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা এবং প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর বিষয়েও প্রাথমিক আলোচনা চলছে। তবে এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, জ্বালানি সাশ্রয়ের উপায় খুঁজতে ইতোমধ্যে সব সরকারি দপ্তর ও সংস্থাকে নিজস্ব প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে। এসব প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানেই বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আংশিক অনলাইন ক্লাস চালুর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বড় শহরগুলোতে শিক্ষার্থীদের যাতায়াত কমিয়ে কীভাবে জ্বালানি সাশ্রয় করা যায়, তা নিয়ে কাজ চলছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় গতকাল (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করা হয়েছে। এতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি অফিস কার্যক্রমে দক্ষতা বাড়ানো ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে