Views Bangladesh Logo

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আগামী মন্ত্রিসভা বৈঠকে: শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আগামী মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অনলাইনে ক্লাস নেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত হবে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে। এর আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রস্তাব দেবে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ সম্মেলন করবে।

তিনি জানান, বিশ্বব্যাপী জ্বালানি সংকট কতদিন চলবে তা অনিশ্চিত। তাই দেশের স্কুলব্যবস্থাকে অনলাইন ও সশরীর— এই মিশ্র পদ্ধতিতে আনার কথা ভাবা হচ্ছে।

সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হয়। সে হিসাবে পরবর্তী বৈঠক আগামী ৯ এপ্রিল।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে জ্বালানি সাশ্রয়ে অফিসের সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত হয়, যা আজ থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় ঋণ বন্ধ এবং জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমানোসহ আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে এবং শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ