ভিসা স্থগিত আপাত সিদ্ধান্ত: ওমান
বাংলাদেশসহ সকল দেশের জন্য ওমানের ভিসা প্রদান স্থগিত সংক্রান্ত আদেশটি আপাত সিদ্ধান্ত বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমান সরকার। এতে আরো বলা হয়, "কর্তৃপক্ষ দক্ষতার সঙ্গে যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত পর্যালোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্দেশনা এবং বিধি অনুযায়ী ভিসা প্রদানের প্রক্রিয়াকে নতুনভাবে চালু করতে এ পর্যালোচনা চলছে।"
ওমানের রাজকীয় পুলিশ (আরওপি) বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা প্রদানে স্থগিতাদেশের দু'দিন পর বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকায় ওমান সালতানাতের দূতাবাস এ বিবৃতি দিল।
বিবৃতিতে বলা হয়, "বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানে স্থগিতাদেশ আসে রয়্যাল ওমান পুলিশের (আরওপি) তরফ থেকে। ওমান কর্তৃপক্ষের পরিচালিত ব্যাপক পর্যালোচনা প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে বিদেশি শ্রমবাজারকে অবাধ রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমানের শ্রমবাজারের চাহিদা এবং স্থিতিশীলতার সাথে সামঞ্জস্য রেখে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।"
প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং ওমানের শ্রমবাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণে কৌশল ও আইনগত দিক থেকেই এ পর্যালোচনা পরিচালিত হবে। বিবৃতিতে বলা হয়, "ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অবদানের অত্যন্ত প্রশংসা করছে ওমান সালতানাত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে ওমান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে আগ্রহ প্রকাশ করছে।"
"আমরা বারবার এ তথ্য নিশ্চিত করছি যে, এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই রাজনৈতিক নয়। বরং দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রতি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে ওমান। বাংলাদেশের সঙ্গে এই গভীর ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্ককে ধারণ করে ওমান", বিবৃতিতে যোগ করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে