Views Bangladesh Logo

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ছিল রাজনৈতিক: রেভস্পোর্টসের সাক্ষাৎকারে মিরাজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ভারতের মাটিতে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ক্রিকেটাররা বিশ্বকাপে খেলতে প্রস্তুত ছিলেন এবং ভারতে গিয়ে খেলতে তাদের কোনো আপত্তি ছিল না।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন মিরাজ। সেখানে রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা ছিল রাজনৈতিক ইস্যু। সবাই বিষয়টি জানে। আমরা সবাই বিশ্বকাপে খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতে আমাদের কোনো আপত্তি ছিল না। প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। অনেকের জন্য সেটি প্রথম সুযোগ ছিল। কিন্তু তারা সেই সুযোগ হারিয়েছে। বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটি পুরোপুরি রাজনৈতিক ব্যাপার ছিল।

ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক নিয়েও কথা বলেন টাইগার অধিনায়ক। তিনি জানান, দীর্ঘ সময় দুই দলের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ না হলেও বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে।

চলতি বছর ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে মিরাজ বলেন, আমরা ভারতের বিপক্ষে সিরিজের অপেক্ষায় আছি। অনেক দিন তাদের বিপক্ষে খেলিনি। নিজেদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলে সিরিজটি উপভোগ করতে চাই।

সামনের বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতির বিষয়েও কথা বলেন তিনি। মিরাজের ভাষ্য, সব ক্রিকেটারের লক্ষ্য বিশ্বকাপে ভালো করা। সে জন্য ঘরের মাঠে নিজেদের আরও উন্নতি করতে হবে। আমরা কয়েকটি সিরিজ জিতেছি, এখন সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রশংসা করে মিরাজ বলেন, তামিম ভাই দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিতে হয়, তিনি জানেন। নতুন সভাপতি হিসেবে তিনি একটি নতুন কাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন। আশা করি, ভবিষ্যতে দেশের ক্রিকেট এর সুফল পাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ