Views Bangladesh Logo

বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি মূলত আমারই ছিল: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। বিশ্বকাপে না যাওয়ার সেই সিদ্ধান্তটি মূলত তাঁরই ছিল বলে জানিয়েছেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক পোস্টে সিদ্ধান্তের দায় নিয়ে একই সঙ্গে এত দিন পর এ ঘটনা নিয়ে তদন্ত ও প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের পটভূমি তুলে ধরে আসিফ নজরুল লেখেন, ‘ঘটনার সূত্রপাত উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়া থেকে। এর পরপরই আমরা নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানাই।’

নিজেদের নিরাপত্তা-আশঙ্কার পক্ষে আইসিসির একটি প্রতিবেদনের কথাও উল্লেখ করেন তিনি। আসিফ নজরুল লেখেন, ‘আমাদের আশঙ্কা যে অমূলক ছিল না, আইসিসির প্রথম রিপোর্টেই তার স্বীকৃতি ছিল। সেখানে ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল—বিশ্বকাপের দলে মোস্তাফিজ থাকলে, বাংলাদেশের সমর্থকেরা মুক্তভাবে ঘোরাফেরা করলে এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে। বিবিসি বাংলা ওই রিপোর্টের হুবহু বাংলা অনুবাদও প্রকাশ করেছিল। এই পরিস্থিতিতে আমরা ভারতে খেলতে যাব কেন?’

অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার চেষ্টা করা হয়েছিল বলেও জানান সাবেক এই উপদেষ্টা। তিনি লেখেন, ‘আমরা শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বহু চেষ্টা করেছি। কোনো কোনো দেশ থেকে সমর্থনও পেয়েছিলাম। কিন্তু হয়তো আইসিসির নেতৃত্বে ভারতীয়দের আধিপত্যে থাকার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদেরকে ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি।’

সিদ্ধান্ত গ্রহণের পেছনে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে আসিফ নজরুল লেখেন, ‘আমার সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয় ছিল অত্যন্ত পরিষ্কার—দেশের মর্যাদা, আমাদের ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা।’

বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যেতে পারে—সে সময় এমন আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘আমাদের ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগে সেই আশঙ্কাও শেষ পর্যন্ত দূর হয়েছিল।’

নিজের সিদ্ধান্তকে সঠিক দাবি করে আসিফ নজরুল বলেন, ‘আমি মনে করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। একটি ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নেব—এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, মাথা নত করে সব মেনে নেওয়াতে না।’

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের না খেলার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির প্রধান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম ওয়ালী উল্লাহ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ