Views Bangladesh Logo

বইমেলার স্টলে স্যানিটারি ন্যাপকিন রাখা নিয়ে আপত্তি, চাপের মুখে সরানোর সিদ্ধান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

মর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘স্টে সেফ’ রাখা নিয়ে ইসলামপন্থি কিছু গোষ্ঠীর আপত্তির মুখে স্টলটি থেকে পণ্য সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত স্টল দুটি বন্ধ রাখার কথা বলা হয়েছে। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ড্রিমার ডঙ্কি প্রাইমারি লিমিটেডের প্যাডে লেখা একটি চিঠিতে এমনই দাবি তুলে বিষয়টি বাংলা একাডেমিকে জানানো হয়।

চিঠি অনুসারে, ‘স্টে সেফ’ ব্র্যান্ডটি নারী ও শিশুস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বইমেলায় তাদের স্টল স্থাপন করেছিল। তবে ১১ ফেব্রুয়ারি থেকে ইসলামপন্থি একটি গোষ্ঠী স্টলটি নিয়ে আপত্তি জানায় এবং দাবি তোলে যে, এটি ‘গোপনীয় পণ্য’ এবং প্রকাশ্যে বিক্রির অনুপযুক্ত। ১২ ফেব্রুয়ারি ইসলামপন্থি গোষ্ঠীগুলোর সমর্থনে একটি মব স্টলটির সামনে উপস্থিত হয় এবং কর্তৃপক্ষের কাছে স্যানিটারি ন্যাপকিন সরানোর দাবি জানায়।

পরবর্তীতে বাংলা একাডেমি এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং অতিরিক্ত চাপ এড়াতে স্টে সেফ প্রোডাক্টটি স্টল থেকে সরিয়ে নেয়ার জন্য প্রাণ আরএফএল গ্রুপের নিকট আবেদন করে। চিঠির হাতে লেখা অংশে দেখা যায়, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় নারী অধিকারকর্মী ও প্রগতিশীল মহল থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা বলছেন, স্যানিটারি ন্যাপকিন স্বাস্থ্যসংশ্লিষ্ট একটি মৌলিক পণ্য, যা নারীদের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বইমেলার মতো একটি প্রগতিশীল প্ল্যাটফর্মে এ ধরনের পণ্য প্রদর্শন নিষিদ্ধ করার দাবি আসা উদ্বেগজনক এবং নারীর অধিকার ও স্বাস্থ্যসচেতনতার বিরুদ্ধে অবস্থান নেয়ার শামিল।

এ বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ে বিতর্ক চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ