বগুড়ায় পেট্রোল বোমা নিক্ষেপের মামলায় আসামি ৩ বছর আগে মারা যাওয়া আ.লীগ নেতা
মৃত্যুর প্রায় তিন বছর পর বগুড়ায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় করা একটি মামলায় আসামি করা হয়েছে সাবেক আওয়ামী লীগ নেতা এস এম গোলাম কিবরিয়াকে।
মামলার এজাহারে তাঁর নাম ১০৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৩ নভেম্বর তিনি মারা গেছেন। তাঁর মৃত্যুর সনদও রয়েছে।
গোলাম কিবরিয়া বগুড়ার কাহালু উপজেলার মুরাইল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বজনেরা।
পুলিশ জানায়, গত ২০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা গ্রামে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে সড়কে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ২৫ নভেম্বর বিস্ফোরক আইনে মামলা করেন উপজেলার সাবানপুর গ্রামের মনজুর রহমান সরদার।
মামলায় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে। সেই মামলার এজাহারে ১০৯ নম্বর আসামি হিসেবে গোলাম কিবরিয়ার নাম রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বাদী ভুলবশত একজন মৃত ব্যক্তিকে আসামি করেছেন। তথ্য যাচাই করতে গিয়ে গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি জানা যায়। পরে তাঁর মৃত্যুসনদ সংগ্রহ করে আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মামলার বাদী মনজুর রহমান সরদার বলেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে শুধু স্বাক্ষর করতে বলা হয়েছিল, তাই তিনি স্বাক্ষর করেছেন। তবে কে তাঁকে বাদী হিসেবে স্বাক্ষর করতে বলেছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাদী এজাহার নিয়ে আসার পর সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরে যাচাই-বাছাইয়ে একজন আসামির মৃত্যুর বিষয়টি জানা গেছে। মামলার তথ্য যাচাই চলছে। যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মতামত দিন