স্পেনকে প্রথমার্ধে ‘রুখে দিল’ অভিষিক্ত কেপ ভার্দে
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই চমক দেখাল কেপ ভার্দে। শক্তিশালী স্পেনকে প্রথমার্ধে কোনো গোল করতে না দিয়ে ০–০ সমতায় বিরতিতে গেছে আফ্রিকার দলটি।
ম্যাচের আগে কাগজে-কলমে স্পেন ছিল স্পষ্ট ফেবারিট। তবে মাঠের লড়াইয়ে সেই ব্যবধান দেখা যায়নি। বরং শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং দুর্দান্ত গোলকিপিংয়ে স্প্যানিশ আক্রমণকে বারবার হতাশ করেছে কেপ ভার্দে।
প্রথম ৩০ মিনিটেই স্পেন বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। ওই সময় তাদের শট অন টার্গেট ছিল মাত্র একটি। প্রথমার্ধের শেষ পর্যন্তও সেই অচলাবস্থা কাটাতে ব্যর্থ হয় স্প্যানিশরা।
কেপ ভার্দের রক্ষণভাগের পাশাপাশি বিশেষ প্রশংসা কুড়িয়েছেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। তার একের পর এক সেভে গোলশূন্যই শেষ হয় প্রথমার্ধ।
এর আগেই কেপ ভার্দে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে একটি অনন্য রেকর্ড গড়েছে। স্পেনের বিপক্ষে তাদের শুরুর একাদশের গড় বয়স ছিল ৩১ বছর ২৬ দিন, যা চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি। একই সঙ্গে ভোজিনিয়ার মাঠে নামার মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো একই আসরে ৪০ বা তার বেশি বয়সী দুই ফুটবলার খেললেন। এর আগে জার্মানির হয়ে মাঠে নেমেছিলেন ম্যানুয়েল নয়ার।
প্রথমার্ধে প্রত্যাশিত আধিপত্য দেখাতে না পারলেও দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামবে স্পেন। অন্যদিকে, নিজেদের বিশ্বকাপ অভিষেক ম্যাচে অন্তত এক পয়েন্টের স্বপ্ন বাঁচিয়ে রাখতে একই দৃঢ়তা ধরে রাখতে চাইবে কেপ ভার্দে।

মতামত দিন