ঋণনির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশন থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাজেটের মূল সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।
তিনি আরও বলেন, মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে, সে জন্য বিভিন্ন বরাদ্দ উল্লেখ আছে। যুব সমাজ ও পিছিয়ে পড়া মানুষের কথাও একই সঙ্গে যুক্ত রয়েছে। তবে সরকার অর্থনৈতিক নীতি কাঠামো বাস্তবায়নের জন্য যে আর্থিক কাঠামো তৈরি করেছে, সেটি অত্যন্ত দুর্বল। এই কাঠামোতে প্রচুর পরিমাণে বৈদেশিক ঋণের ব্যবস্থা রাখা হয়েছে এবং অনেক ক্ষেত্রে বড় অঙ্কের থোক বরাদ্দ রয়েছে — এ কারণেই আর্থিক শৃঙ্খলার বিষয়ে দুশ্চিন্তা তৈরি হচ্ছে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে উদারীকরণ, মানবিক অর্থনীতি গঠন এবং ডিজিটাল অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। তবে নীতিগতভাবে শক্তিশালী এই কাঠামো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক ভিত্তি যথেষ্ট দৃঢ় নয় বলে তিনি মনে করেন।
তিনি বলেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে এই বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়।

মতামত দিন