১১ মাস পর পর্যটকদের জন্য খুললো বান্দরবানের দেবতাখুম
দীর্ঘ ১১ মাস পর খুলে দেয়া হয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রহস্যময় পর্যটনস্পট দেবতাখুম। ফলে পাশের শীলাবান্ধা ঝরনায়ও যেতে পারছেন পর্যটকরা।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনার পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি দেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথবাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবেচনায় গত বছরের এপ্রিলে অনির্দিষ্টকালের এই নিষেধাজ্ঞা দিয়েছিল জেলা প্রশাসন।
জেলা প্রশাসক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নাম-পরিচয় লিপিবদ্ধ করে পর্যটকরা দেবতাখুমে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। তাদের নিরাপত্তায় পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে