Views Bangladesh Logo

‘ফ্যামিলি কার্ডের দুই-আড়াই হাজার টাকা মূল্যস্ফীতি সামলাতেই চলে যাবে’

আগামী বাজেটে পিছিয়ে পড়া মানুষের জন্য নেওয়া বিশেষ উদ্যোগ কার্যকর করতে হলে অবশ্যই অর্থনৈতিক স্থিতিশীলতা লাগবে বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে দুই-আড়াই হাজার টাকা দেওয়া হবে, তা মূল্যস্ফীতি সামলাতেই চলে যাবে।

সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা আনার জন্য দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি দমন করতে না পারলে ‘লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলবে’। এ জন্য প্রাতিষ্ঠানিক ও নীতি সংস্কারের ওপর জোর দেন তিনি।

এই অর্থনীতিবিদ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বার্ষিক উন্নয়ন বাজেট ৪০-৪৫ শতাংশ পর্যন্ত অবাস্তবায়িত থেকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী অর্থবছরের জন্য ২০-২৫ শতাংশ উন্নয়ন বাজেট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে, যা পুরোনো সংস্কৃতির ধারায় চলছে। এটি অর্থনীতিকে আরও চাপের মুখে ফেলে দিতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এই মুহূর্তে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। বর্তমান সরকারেরও বয়স এখন পর্যন্ত তিন-চার মাস চলছে। এই সরকার অর্থনীতিকে কতটা দুর্বল অবস্থায় পেয়েছে, সেটি এখনো স্পষ্ট করতে পারেনি। তারাও অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটি শ্বেতপত্র প্রকাশ করতে পারত, কিন্তু সেটি তারা করেনি।

সংলাপে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহা-পরিচালক অধ্যাপক এ কে এনামুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ